ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা টিটু ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কসবা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিটু ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের আলমাস ভূঁইয়ার ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, টিটু ভূঁইয়া কসবা উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রভাব কাজে লাগিয়ে তিনি এলাকায় ড্রেজার ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ তাঁদের।
এলাকাবাসীর দাবি, ড্রেজার ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি টিটু ভূঁইয়ার বিরুদ্ধে অন্যের জমি দখলসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বাংলা এডিশনকে বলেন, টিটু ভূঁইয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। আমাদের রিকুইজিশনের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দলকে দায়িত্ব দেয়া হলে তারা কাউতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় রাখা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:







