গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ডের বাকরাল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, সুমাইয়া (৮) ও আব্দুল্লাহ (৬)। তারা মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার গছানি এলাকায়। পরিবারটি টঙ্গীর বাকরাল গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর প্রায় ১ টার দিকে নিহত দুই ভাই-বোনসহ তিন শিশু তুরাগ নদীর খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে। এ সময় পানির প্রবল স্রোতে সাঁতার না জানায় দুই শিশু ডুবে যায়। অপর শিশুটি সাঁতরে তীরে উঠে স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বিকেল ৩টার দিকে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তারা মারা যায় বলে জানা গেছে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তাদের মরদেহ টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দুই সহোদর শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি (তদন্ত) ইমানুর রহমান জানান, পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:







