মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। রবিবার (১১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি পুশইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকায় ৪ নারী ও ২ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বাধীন বিএসএফ সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ৬জনকে সকাল ৮টার দিকে ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য এর আগে গত গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে দুইজন পুরুষ একজন নারী ও একজন শিশুসহ চারজনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আরও পড়ুন:







