সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে ফোন করে ডেকে নিয়ে বদরুল আলম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার ভোরের দিকে উপজেলার গোরাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে এবং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার ছোট ভাই। তার সঙ্গে ব্যবসার কিছু টাকা লেনদেন ছিল বলে পরিবার জানিয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে একটি ফোন পেয়ে এক সঙ্গীকে নিয়ে পার্শ্ববর্তী গোরাগ্রামে যান বদরুল। এর প্রায় দুই ঘণ্টা পর ভোর ৫টার দিকে সেই সঙ্গীর নম্বর থেকে ফোন করে জানানো হয় যে তাদের ওপর ১০-১৫ জন হামলা চালিয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গোরাগ্রামের বন্দরবাড়ি মসজিদের পাশের রাস্তা থেকে দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। হামলায় গুরুতর আহত তার সঙ্গী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বাংলা এডিশনকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, এখনো আমরা কোনো লেখিত অভিযোগ পাই নি৷
আরও পড়ুন:







