সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় এলাকায় সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহিন উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে সোনারখেওড় এলাকার একটি কৃষিজমিতে শাহিনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পরিবারের সদস্যদের খবর দেন। শাহিনের বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জসিম উদ্দিন জানান, শাহিন দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেতেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্তবর্তী এলাকা থেকে শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শাহিনকে কে বা কারা গুলি করেছে এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:







