গাইবান্ধার সাদুল্লাপুরে নকল সার ও কীটনাশক তৈরির সন্দেহে একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং পুলিশ। এ সময় কারখানা থেকে সার তৈরিসংক্রান্ত বিভিন্ন বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ভবানীপুর গ্রামের কালসারডারা সংলগ্ন একটি সাবেক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সাবেক ইটভাটায় নকল সার ও কীটনাশক তৈরির কার্যক্রম চলছিল বলে সন্দেহ করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানার মালিক মাইদুল ইসলাম বাবু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, অভিযানকালে উদ্ধার করা সরঞ্জাম, বই ও অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে। পাশাপাশি আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারখানাটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।
তবে কারখানাটিতে নকল সার ও কীটনাশক উৎপাদনের অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:







