গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি করে বিকাশের এক পরিবেশক প্রতিষ্ঠানের নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে দাবি করেছে বিকাশের কর্মকর্তা । দুর্বৃত্তদের গুলিতে বিকাশের এক হিসাবরক্ষণ কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া গাড়িচালক ও এক এরিয়া ম্যানেজারও আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়।
তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।
মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। পরে চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং পিস্তল দিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে। এরপর গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জানান, গাড়িতে মোট চার কোটি টাকা ছিল। এর মধ্যে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







