ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কৃষক লীগ নেতা মো. মিজানুর রহমান ওরফে হাতেম এবং তাঁর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার বহিরগাছি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। তাঁর ছেলে হেলাল উদ্দিন (২৬) একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির নম্বর ১৬ এবং জিআর নম্বর ১১৮/২৬।
পুলিশি নথি অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের অপরাধসংক্রান্ত পূর্ববর্তী রেকর্ড যাচাই করা হলেও অন্য কোনো অপরাধের বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:







