সিলেটের জালালাবাদ থানা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং গোপন ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক তরুণীকে বারবার ধর্ষণের অভিযোগে সালমান আহমদ (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের ৫ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে বাদীর নিজ ঘর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, জালালাবাদ থানাধীন কেমিদপুর (আকিলপুর) গ্রামের বাসিন্দা ভুক্তভোগী তরুণীর (২৩) সাথে প্রতিবেশী কলম মিয়ার ছেলে সালমান আহমদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সাল থেকে সালমান বিয়ের আশ্বাস দিয়ে এবং পরবর্তীতে শারীরিক সম্পর্কের চিত্র ধারণ করে ব্ল্যাকমেইল করার মাধ্যমে একাধিকবার ওই তরুণীকে ধর্ষণ করে আসছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে সে ভুক্তভোগীকে মুখ বন্ধ রাখতে বাধ্য করে।
সর্বশেষ গত ১৮ মার্চ রাতে পরিবারে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত সালমান পুনরায় ওই ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চালায়। এ সময় ভুক্তভোগীর সৎ মা বিষয়টি দেখে ফেললে সালমান দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি গোপন রাখার অনুরোধ জানায়। তবে পরবর্তীতে বিয়ে না করে তালবাহানা ও হুমকি-ধামকি প্রদান করায় ভুক্তভোগী ন্যায়বিচারের আশায় জালালাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর জালালাবাদ থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ৫ তারিখ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীর বসতঘর থেকেই আসামি সালমানকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:







