বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় মেধাভিত্তিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন পুলিশ পরিবারের সন্তান আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার। এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পর তিনি এ মেধাবৃত্তির জন্য নির্বাচিত হন।
ইফতি বিন ইফতেখার সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদর এলাকার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের আ.ফ.ম. ইফতেখারুল ইসলামের ছেলে। বাংলাদেশ পুলিশের আইজিপির তত্ত্বাবধানে এ মেধাবৃত্তি পরিচালিত হয়।
বৃহস্পতিবার পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইফতির হাতে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র তুলে দেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ আবু আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএফ) আরজুমা আকতারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ইফতির বাবা আ.ফ.ম. ইফতেখারুল ইসলাম পাবনায় পুলিশ পরিদর্শক (শহর ও যান) হিসেবে কর্মরত। ছেলের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে তিনি বলেন, ইফতি বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির জন্য নির্বাচিত হওয়ায় তিনি অত্যন্ত খুশি। এ অর্জনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ।
তিনি আশা প্রকাশ করেন, ইফতি ভবিষ্যতেও পড়াশোনায় ভালো ফলাফল করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
আ.ফ.ম. ইফতেখারুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ পুলিশের এ ধরনের মেধাবৃত্তি ও সম্মাননা আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে ভূমিকা রাখবে। এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি মনে করেন।
আরও পড়ুন:







