শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ২৩:২০

শেয়ার

টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় ও চাকায় পিষ্ট হয়ে মোছা. রহিমা (৩২) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে গাজীপুরা বিআরটি প্রকল্পের উত্তর দিকের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রহিমা মহাসড়ক পার হওয়ার সময় মাঝ লেনে ঢাকা- ময়মনসিংহগামী দ্রুতগতির ইউনাইটেড পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো -ব-১২-৪২৪৬) তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। বাসের চাকায় তার পেটে আঘাত লাগে এবং মাথায় গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। বাসটি দ্রুত পালিয়ে যাওয়া সময় গাছা থানা এলাকায় বাসটি আটক করে ট্রাফিক পুলিশ।

নিহত রহিমা ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার লামাপাড়া গ্রামের সান্দু ডাক্তারের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর ৫০ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় মাসকো গার্মেন্টসে চাকরি করতেন।

ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠান। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও গার্মেন্টস শ্রমিকরা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।