শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

ডিএনএ পরীক্ষায় রংপুরের চার খুনে সিদ্ধার্থ-মুগ্ধ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ২২:৫৫

শেয়ার

ডিএনএ পরীক্ষায় রংপুরের চার খুনে সিদ্ধার্থ-মুগ্ধ শনাক্ত
ছবি সংগৃহীত

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের সঙ্গে সম্পূর্ণ মিল পাওয়া গেছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর সেগুলো ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিভিন্ন আলামতের সঙ্গে তাদের নমুনার সম্পূর্ণ মিল পাওয়া গেছে।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে তাদের নমুনায় ডোপ টেস্টসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল। সেখানেও উদ্ধার করা আলামতের সঙ্গে নমুনার মিল পাওয়া যায় এবং চিকিৎসকের মাধ্যমে পজিটিভ রিপোর্ট দেওয়া হয়।

সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তী মাস্টারসহ পরিবারের সবাইকে হত্যার পর সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বাসায় বসে যে খেজুর, শসা ও বিড়ি খেয়েছিল, সেগুলো উদ্ধার করে ঢাকায় সিআইডির ল্যাবে পাঠানো হয়। এর পাশাপাশি ছোট-বড় আরও ৩৫টি আলামত সংগ্রহ করে পাঠানো হয়েছিল। সবগুলো পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানান তিনি।

তবে পরীক্ষার আনুষ্ঠানিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র এখনো পুলিশের হাতে পৌঁছায়নি। আগামী এক-দুই দিনের মধ্যে এসব নথি পাওয়া যাবে বলে আশা করছেন ডিবির উপকমিশনার।

তিনি বলেন, সব আলামত ও নমুনার সঙ্গে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের হুবহু মিল পাওয়ায় হত্যাকাণ্ড নিয়ে পুলিশের আর কোনো সন্দেহ নেই এবং তারাই হত্যাকারী বলে প্রমাণিত হয়েছে।

ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনায় উসকানি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করে কেউ আর মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব রশিদ জানান, সব রিপোর্ট পজিটিভ এসেছে এবং আসামি শনাক্ত হয়েছে। সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানান তিনি।

মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানান কমিশনার।