বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

ফ্যামিলি কার্ডের জন্য সরকারি কর্মকর্তার কাছে নারী, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ২১:১০

শেয়ার

ফ্যামিলি কার্ডের জন্য সরকারি কর্মকর্তার কাছে নারী, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
ছবি সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে এক নারীর সঙ্গে ইউনিয়ন সমাজকর্মী মফিজুর রহমানের আপত্তিকর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ওই নারীর সঙ্গে তিনি অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অন্য এক নারীকে ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা ঘুস চাওয়ার একটি অডিও কথোপকথনও ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কবিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে গেলে ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নিজেই বলে নিশ্চিত করেন মফিজুর রহমান। তবে তার দাবি, তিনি ওই নারীকে বাধ্য করেননি; বরং ওই নারীই তাকে ফাঁদে ফেলেছেন।

মফিজুর রহমান কবিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের নরোত্তমপুর, চাপরাশিরহাট, বাটইয়া ইউনিয়ন ও কবিরহাট পৌরসভা এলাকার সমাজকর্মী হিসেবে কর্মরত। তিনি উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে এক নারীর সঙ্গে মফিজুর রহমানকে আপত্তিকর অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারী বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মফিজুর রহমান ওই সম্পর্কে জড়ান বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া অন্য এক নারীকে ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা ঘুস চাওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও কথোপকথনও ছড়িয়ে পড়েছে। সেখানে ওই নারী বিকাশে টাকা দিতে চাইলে তাকে নগদে টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়।

অভিযোগের বিষয়ে মফিজুর রহমান জানান, ওই নারী তার পূর্ব পরিচিত। তার দাবি, একদিন ওই নারী তাকে একা কক্ষে নিয়ে শরবতের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়েছিলেন। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না।

টাকা চাওয়ার অডিও সম্পর্কে মফিজুর রহমান জানান, বিষয়টি কর্তৃপক্ষ আগেই জেনেছে এবং তাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

কবিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, তিনি দুই মাস আগে যোগদান করেছেন। আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই এ বিষয়ে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটি গঠন

নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, বিষয়টি জানার পর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশাসন, অর্থ ও প্রতিষ্ঠান শাখার মোহাম্মদ আবুল কাশেমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেড এম মিজানুর রহমান খান।