কুমিল্লার লালমাইয়ে চার দিন নিখোঁজ থাকার পর জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জান্নাতুল তাজমিন কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার বাসিন্দা এবং ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমিন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে বান্ধবীর সঙ্গে কক্সবাজারে গিয়েছিল।
বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়ার কথা থাকলেও পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতে বাবা আবদুল আলীম মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাননি।
বৃহস্পতিবার ভোরে মেয়ের সন্ধানে লালমাই থানায় যান তিনি। এর মধ্যেই স্থানীয়দের মাধ্যমে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন আবদুল আলীম।
স্থানীয়রা জানান, সকালে ধানখেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ বলছে, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:







