বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

নিরাপদ সড়ক গড়তে ধামরাই মহাসড়কে নিসচার জরিপ

মোজাম্মেল হোসেন, ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১৯:২৫

শেয়ার

নিরাপদ সড়ক গড়তে ধামরাই মহাসড়কে নিসচার জরিপ
ছবি: বাংলা এডিশন

সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের পরিসংখ্যান জরিপ শুরু করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ জরিপ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত চলবে। এ সময় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা, ধরন ও চলাচলের সময়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নিসচা সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ধামরাইয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে এই জরিপ করা হচ্ছে। কোন সময় ও কোন এলাকায় যানবাহনের চাপ বেশি থাকে, কী ধরনের যানবাহন বেশি চলে এবং সড়কের বর্তমান সক্ষমতা কেমন এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সড়কের নকশা ও যান চলাচলের উপযোগিতাও দেখা হচ্ছে।

নিসচার নেতৃবৃন্দ জানান, জরিপ শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। পরে দুর্ঘটনা, যানজট ও মানুষের ভোগান্তি কমাতে করণীয় ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম. নাহিদ মিয়া বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দেখানো পথে তারা কাজ করছেন। দুর্ঘটনা ও মানুষের ভোগান্তি কমাতেই এই জরিপ করা হচ্ছে। জরিপের তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে দুর্ঘটনা ও যানজট কমাতে পরিকল্পনা নেওয়া হবে। এ কাজে জনপ্রতিনিধি, পুলিশ-প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।