কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসানের বাবা-মাকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে আদালতের সিদ্ধান্ত ও আইনকে তোয়াক্কা না করে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।
এরই জেরে হামলাকারীরা সাংবাদিক তামজিদ হাসানের বাড়িতে চড়াও হয়ে তার বাবা আমিনুল ইসলাম ও মা শামসাদ বেগমকে এলোপাতারি মারধর করেন। একপর্যায়ে তাদের শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত সাংবাদিকের পিতা আমিনুল ইসলাম বর্তমানে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া তার মা শামসাদ বেগমও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় সাংবাদিক তামজিদ হাসান বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন— রমজান আলী, মামুনুর রশিদ মামুন, মনোয়ারা বেগম, রফিক মিয়া ও আতিকুজ্জামান আতিক।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক তামজিদ হাসান বলেন, ‘বিবদমান জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। সেখানে বিবাদীরা আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে জমি দখলের পাঁয়তারা করছে। তারা আমার বাবা-মাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই ।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:







