বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

ধামরাইয়ে একেএইচ ইকোর বাসের ধাক্কায় কাভার ভ্যান চালক নিহত

মোঃ মোজাম্মেল হোসেন,ধামরাই উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১০:১১

শেয়ার

ধামরাইয়ে একেএইচ ইকোর বাসের ধাক্কায় কাভার ভ্যান চালক নিহত
ছবি: বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকবাহী বাসের সঙ্গে কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার ভ্যানচালক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, কারখানার শ্রমিক আনার উদ্দেশ্যে বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার ভ্যান চালক আবু বক্কর সিদ্দিক নেত্রকোনা জেলার সদর উপজেলার বদনী গ্রামের নুর আলমের ছেলে। দুর্ঘটনায় এছাড়াও আহত অন্তত তিন জন৷ স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, একেএইচ ইকো পোশাক কারখানার নিজস্ব মালিকানাধীন বাসটি দ্রুতগতিতে ঢাকা অভিমুখে কালামপুর যাচ্ছিল। এ সময় আরিচাগামী একটি মালবাহী কাভার ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে কাভার ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

স্থানীয়দের অভিযোগ, শ্রমিক বহনকারী বাসগুলোর বেপরোয়া ও দ্রুতগতির চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। কারখানার নিজস্ব বাসের গতি ও চালকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

একেএইচ ইকোর যানবাহনের দায়িত্বে থাকা জাকির হোসেন দুর্ঘটনার বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা না দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার পরামর্শ দেন। তিনি দাবি করেন, ঘটনাটির ভিডিও ও প্রত্যক্ষদর্শী রয়েছে এবং কারখানার সামনে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেই তথ্য পাওয়া যাবে। তবে তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন না জানিয়ে বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ওসিকে জানিয়েছেন। দুর্ঘটনার দায় বা গাড়ির ভূমিকা নিয়ে স্পষ্ট বক্তব্য না দিয়ে সাংবাদিককেই ঘটনা যাচাই ও তদন্তের পরামর্শ দেন এই কর্মকর্তা৷

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বলেন, আমরা ঘটনাস্থলে শুধু নিহত ব্যক্তিকেই পেয়েছি। আহতদের স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন বলে জানতে পেরেছি। তবে আহতদের বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে নেই।

গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সেলিম মাতুব্বর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এতে একেএইচ ইকোর গাড়ির কোনো গাফিলতি বা দায় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও দায়িত্বে অবহেলা বা আইনভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।