বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন

‎শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ২৩:১৫

শেয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত ও একক প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। দলটির আরেক প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনি এখন বিএনপির একমাত্র প্রার্থী।

‎বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

‎‎তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।‎

‎এদিকে বিএনপির কেন্দ্র থেকে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে মির্জা ফয়সল আমিনকে ঠাকুরগাঁও-১ আসনে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পাশাপাশি তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

‎বুধবার বিকেল ৪টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

‎‎বিএনপির মির্জা ফয়সল আমিন ছাড়া অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

‎‎আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির তফসিল অনুযায়ী ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।



আরও পড়ুন: