বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

কেরানীগঞ্জে আ’লীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জ,প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ১২:৩৯

শেয়ার

কেরানীগঞ্জে আ’লীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির হোসেন লালবাগ থানার আলী হোসেন খান রোড এলাকার বাসিন্দা। তিনি কালু বেপারীর ছেলে। পুলিশের দাবি, আমির হোসেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

ঢাকা জেলা ডিবি-দক্ষিণের এসআই মো. মহরম আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি আশফাক রাগীব হাসান।

পুলিশ জানায়, গ্রেপ্তার আমির হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ২০২৬ সালের ১০ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নম্বর ৩৬ হিসেবে মামলাটি করা হয়। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ২০১৩ সালের ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।