মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ২২:১৪

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিজয়নগর থানাধীন পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জিহাদ টি স্টল নামীয় দোকানের সামনে সিঙ্গারবিল থেকে চম্পকনগরগামী সড়কের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে কালু মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত কালু মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাশিনগর গ্রামের (নানু মেম্বারের বাড়ি সংলগ্ন) মৃত কাজী রুপা মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তাররোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।