মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

বগুড়ায় এমপি মোরশেদ মিল্টনকে ঘিরে ফেসবুকে ‘অপপ্রচারের’ অভিযোগ

আবুল কালাম আজাদ, বগুড়া

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ২১:৪০

শেয়ার

বগুড়ায় এমপি মোরশেদ মিল্টনকে ঘিরে ফেসবুকে ‘অপপ্রচারের’ অভিযোগ
ছবি: বাংলা এডিশন

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোরশেদ মিলটনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগ তুলেছে শাজাহানপুর উপজেলা যুবদল। এসব অপপ্রচারের সঙ্গে জড়িত ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট অ্যাডমিনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু। সংবাদ সম্মেলনে শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বেলাল হোসেন বাবু বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি গাবতলী ও শাজাহানপুর এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সংসদ সদস্যের উদ্যোগে শাজাহানপুরে বিভিন্ন সড়ক, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছেন।

সংবাদ সম্মেলনে শাজাহানপুরে পৌরসভা প্রতিষ্ঠার বিষয়টিও তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে শাজাহানপুরবাসীর অন্যতম দাবি ছিল পৌরসভা প্রতিষ্ঠা। সংসদ সদস্য মোরশেদ মিলটনের প্রচেষ্টায় এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়িত হবে বলে তারা আশা করছেন।

এ ছাড়া এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল এবং তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এসব উন্নয়ন কর্মকাণ্ডকে ঘিরে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শাজাহানপুর উপজেলা যুবদল।

সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেওয়া হয়, যেসব ফেসবুক আইডি থেকে এসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, সেসব আইডি এবং সংশ্লিষ্ট অ্যাডমিনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

এ সময় উপজেলা যুবদল ও বিএনপির নেতারা প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।