চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় চয়েন উদ্দিন (৫০) নামের এক ব্যবসায়ীকে কৌশলে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার ওসমানপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত চয়েন উদ্দিন উপজেলার হারদী গাংপাড়া এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত হেলালকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। হেলাল ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী চয়েন উদ্দিনের কাছ থেকে ব্যবসার কথা বলে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন হেলাল। দীর্ঘদিন পার হলেও তিনি টাকা ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে চয়েনকে ওসমানপুর গ্রামে নিজের শ্বশুরবাড়িতে ডেকে নেন হেলাল। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে হেলাল ধারালো অস্ত্র দিয়ে চয়েনকে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় চয়েনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা হেলালকে আটকে রেখে পুলিশে খবর দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে চয়েন উদ্দিনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।"
আরও পড়ুন:







