মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার, ককটেল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৮:৫২

শেয়ার

ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার, ককটেল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত

ফরিদপুর শহরে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা গুলি, দুটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। একই অভিযানে একটি পরিত্যক্ত ভবন থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় এসআরবি-১০। সংস্থাটির দাবি, ভবনটি স্থানীয়ভাবে মাদকসেবী ও সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত।

এসআরবি জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়। পরে ভবনটি তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর সকাল পৌনে ৯টার দিকে কোতয়ালী থানার নীলটুলি এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে সাফায়েত আহমেদকে আটক করা হয়। তিনি ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

এসআরবির ভাষ্য অনুযায়ী, সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া সেনাবাহিনীর দুটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ এবং সেনাবাহিনীর একটি কোমরবন্ধনী জব্দ করা হয়েছে।

এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তিনি কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে সংস্থাটি।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও অন্যান্য সরঞ্জামসহ সাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১০।