মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

নওগাঁর দুই সীমান্তে নারী-পুরুষসহ সাতজনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৮:২০

শেয়ার

নওগাঁর দুই সীমান্তে নারী-পুরুষসহ সাতজনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ
ছবি: বাংলা এডিশন

নওগাঁর সাপাহার ও পত্নীতলা উপজেলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ঠেকানো হয়েছে।

মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে পৃথকভাবে পুশইনের চেষ্টা চালানো হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজন এবং সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সাতজনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে।

তিনি জানান, সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ। সাপাহার সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদের পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।