মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

কক্সবাজারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৭:৫২

শেয়ার

কক্সবাজারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৭) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে সে এই দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়- অটোরিকশায় যাওয়ার সময় সীমার ওড়নাটি পেছনের একটি চাকায় পেঁচিয়ে গেলে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান- গতকাল সোমবার সকালে কুমিল্লার দেবীদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে ঘুরতে আসে। আজ সকালে সবাই একসঙ্গে সুগন্ধা সৈকতে সময় কাটান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন সীমা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।