ঘুষ গ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে। তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার রাতে তার বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরপরই তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে এএসআই ইলিয়াসের বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে ঘুষ নেওয়া নিয়ে তার একটি বিতর্কিত মন্তব্য শোনা যায় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই রাতেই এএসআই ইলিয়াসকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।’
পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিও ও অভিযোগের বিষয়ে তদন্তের পর এএসআই ইলিয়াসের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







