কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল Bill of Entry ও চালানপত্র তৈরির মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় হবিগঞ্জে ৯ হাজার কেজি জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দকৃত জিরা ও ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার দিকে নেওয়া হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে অভিযান চালানো হয়। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
একপর্যায়ে চেকপোস্ট থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, তল্লাশির সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে তৈরি করা Bill of Entry ও চালানপত্রের কপি পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্র যাচাই করা হলে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
বিজিবির দাবি, জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় জিরার চালানটি পরিবহন করা হচ্ছিল। এ কারণে জিরার পুরো চালান ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
জব্দ করা জিরা ও ট্রাক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকে এ বিষয়ে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:







