শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

কুমিল্লায় গ্যাং সাম্রাজ্যে পুলিশের হানা, তিন গ্রুপের পাঁচ মূলহোতা গ্রেপ্তার

রোবেল আহমেদ তানভীর,কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১৬:০৪

শেয়ার

কুমিল্লায় গ্যাং সাম্রাজ্যে পুলিশের হানা, তিন গ্রুপের পাঁচ মূলহোতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার তিন থানায় পৃথক অভিযান চালিয়ে ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘PX 10’ নামের তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান ও সাইফুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়।

জিসান কোতোয়ালি থানার তেলিকোনা, গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে। সাইফুল ইসলাম আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।

চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত ও মো. জাফর আহমদ কে গ্রেপ্তার করা হয়। তারেক হোসেন সৈকত নলিশ্বর এলাকার আবদুল মালেকের ছেলে এবং জাফর আহমদ কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তারেক হোসেন সৈকত নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য।

অন্যদিকে মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব কে গ্রেপ্তার করা হয়। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়ার ছেলে।

জেলা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে এসব অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।