রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সাংবাদিকদের ডেকে ‘সাংবাদিকতা শিখিয়ে দেয়ার’ হুঁশিয়ারি এমপি তমিজের

মো.মোজাম্মেল হোসেন,ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১৩:১১

শেয়ার

সাংবাদিকদের ডেকে ‘সাংবাদিকতা শিখিয়ে দেয়ার’ হুঁশিয়ারি এমপি তমিজের
ছবি: বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের ডেকে ‘সাংবাদিকতা শিখিয়ে দেয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন।

গতকাল রবিবার ধামরাই পৌরসভার নিজের মালিকানাধীন কিষান কোল্ড স্টোরেজে সাংবাদিকদের ডেকে নিয়ে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো বক্তব্য বা সংবাদ প্রকাশ করলে ‘সাংবাদিকতা শিখিয়ে দেবেন’ বলে এমন মন্তব্য করেন৷

গত শনিবার উপজেলার বালিথা এলাকায় ইউপি চেয়ারম্যানের অনুসারী ও এমপি তমিজ উদ্দিনের অনুসারীদের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ ওঠার পর ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ডেকে এমপি তমিজ উদ্দিন মূল ঘটনার ব্যাখ্যার পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এসময় তিনি অভিযোগ করেন, কিছু সাংবাদিক অর্থের বিনিময়ে রাজনৈতিক নেতাদের প্রশংসা করে সংবাদ প্রকাশ করছেন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ সূতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমিজুর রহমান রোমাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন বক্তব্য দেন। রোমার সম্পদ, ব্যবসা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে সাংবাদিকরা কেন এসব বিষয়ে প্রশ্ন করেননি, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে তমিজ উদ্দিনের ‘সাংবাদিকতা শিখিয়ে দেওয়ার’ বক্তব্যকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনটি উত্তপ্ত হয়ে ওঠে। তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও সাংবাদিকদের নিয়ে বক্তব্যের সময় বিভিন্ন মন্তব্য ও স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দিবে। একদম সোজা কথা।

’স্বৈরাচারের দোসর হইয়া, কে কারে শেল্টার দিল আর ২ হাজার টাকা, ৫ হাজার টাকা খাইয়া যা খুশি তাই করবেন, এটা ভুলে যেতে হবে,’ আরও মন্তব্য করেন তিনি।

এদিকে সংবাদ সম্মেলনের পর তমিজ উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে রোমা চেয়ারম্যানের নামে বিক্ষোভ মিছিল করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

ধামরাইয়ে রাজনৈতিক বিরোধের পাশাপাশি সংবাদ প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে