রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার পাঁচ

বিবি মরিয়ম,চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৯:৫৬

শেয়ার

চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার পাঁচ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্য এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক অনুসারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার খুলশী থানার জালালাবাদ ও কুসুমবাগ আবাসিক এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিএমপি উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমের সার্বিক তদারকিতে অপারেশন অফিসার এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার সহযোগী মোহাম্মদ আব্দুল হাসান ওরফে কালা হাসান , সাবিহা বেগম ওরফে শাব্বু , মোঃ মনির হোসেন ইমন , মোহাম্মদ শাহজাহান এবং নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চুর অনুসারী জাহিদ হোসেন সাব্বির।

অভিযান সম্পর্কে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, "খুলশী থানা এলাকায় কিশোর গ্যাংয়ের ব্যানারে চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনমনে স্বস্তি ফেরাতে আমাদের পুলিশ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কোনো অপরাধী বা কিশোর গ্যাং চক্রকে খুলশীতে আস্তানা গড়তে দেওয়া হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।"

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



আরও পড়ুন: