গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান এলাকায় একটি প্লাস্টিকের ভাঙারি গোডাউন ও ববিন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার দুপুরে মাজুখান এলাকার রায় বাবুর ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা প্লাস্টিকের ভাঙারি গোডাউন ও ববিন তৈরির কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও নিরাপত্তার কারণে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।
তিনি আরও বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং পুলিশ তাদের সহযোগিতা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।
আরও পড়ুন:







