রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

নবীনগর-আখাউড়া-কসবায় উন্নয়নের নতুন গতি: ৪৭ প্রকল্পে বিতরণ ৪৭ লাখ ৬৮ হাজার টাকা

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৯:১০

শেয়ার

নবীনগর-আখাউড়া-কসবায় উন্নয়নের নতুন গতি: ৪৭ প্রকল্পে বিতরণ ৪৭ লাখ ৬৮ হাজার টাকা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক নবীনগর, আখাউড়া ও কসবা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার নবীনগর ও আখাউড়া ডাকবাংলোয় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, তিন উপজেলায় মোট ৪৭টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৪৭ লাখ ৬৮ হাজার টাকা প্রথম কিস্তি হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে নবীনগরে প্রায় ২০ লাখ ৮২ হাজার টাকা, কসবায় ১১ লাখ ৯০ হাজার টাকা এবং আখাউড়ায় ১৪ লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

নবীনগর ডাকবাংলোয় আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চেক গ্রহণকালে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

অন্যদিকে, আখাউড়া ডাকবাংলোয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্টরা।

এ সময় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেয়া হয়।

চেক হস্তান্তরের সময় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে উন্নয়নকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি বলেন, বরাদ্দকৃত অর্থ জনগণের উন্নয়নের জন্য। তাই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দায়িত্বহীনতা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে জেলা পরিষদ ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

এদিকে, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এবারই প্রথম জেলা পরিষদ থেকে তাদের এলাকায় উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। জেলা পরিষদের প্রশাসক নিজে উপস্থিত হয়ে চেক হস্তান্তর করায় তারা উৎসাহিত হয়েছেন।

বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জেলা পরিষদ সংশ্লিষ্টরা জানান, অনুমোদিত প্রকল্পগুলোর কাজ যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



আরও পড়ুন: