রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

মোঃইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৯:০৬

শেয়ার

বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে চাষকৃত জমিতে সার দিতে গেলে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাবু মৃধা ও তার ছোট ভাই মুসা মৃধা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও আহতদের পরিবারের দাবি, সাবু ও মুসার বাবা ইব্রাহিম মৃধা প্রায় ১৫ বছর আগে মারা যান। এরপর তাদের চাচা নাসির মৃধা বাড়ি ও জমি দখল করে রেখেছেন। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় না এবং সেখানে গেলে মারধর ও হুমকি দেয়া হয়। এ কারণে তারা দীর্ঘদিন ধরে তাদের নানাবাড়ি পাশের গ্রাম মান্দারবণে বসবাস করছেন।

পরিবারের অভিযোগ, রোববার সকালে নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গেলে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবু ও মুসাকে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। তারা গা-ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আরও পড়ুন: