শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ২২:৪৬

শেয়ার

গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুইটি ঝুট গুদাম এবং একটি গ্যারেজে থাকা আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার বিকালে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাগাড় সোসাইটি মাঠ সংলগ্ন উইন্ডি গার্মেন্টস এলাকার শাহিন নামের এক ব্যক্তির গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার তথ্য পেয়ে তাৎক্ষণিক গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল সরেজমিনে গিয়ে সার্বিক সহযোগিতা করেন।

গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। শুরুতে পার্শ্ববর্তী উইন্ডি গার্মেন্টসের নিরাপত্তাকর্মী ও দমকল কর্মীরা নিজেদের ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, গুদামে কেমিক্যাল ও অতিরিক্ত দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো প্রকার নিয়মনীতি না মেনে আবাসিক এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে এসব ঝুট ও কেমিক্যালের গোডাউন গড়ে তোলা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা পরিচালনার কারণেই এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এসব অবৈধ গুদাম উচ্ছেদ ও অপসারণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।