বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলিকাবাড়ি হাটসংলগ্ন দোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাববোঝাই একটি ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোরেলগঞ্জের দোনা এলাকার জামাল মাস্টারের ছেলে সোয়েব, বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা এবং নজরুল খানের ছেলে আমিন খান।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ সিফাত খান জানান, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ ছাড়া আহত অবস্থায় ছয়জন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন বাবুল খানের ছেলে মোহাম্মদ রিয়াদ, গুলিসাখালী এলাকার লুৎফর হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম, মোঃ সিয়াম, পিরোজপুরের লক্ষণ চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস, অপর্ণা দাস ও তাঁর আড়াই বছর বয়সী শিশু উমা দাস।
দুর্ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ সময় স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।
তবে কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে সংবাদে যুক্ত করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:







