পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও লেটার দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ২০২৬ সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর দেয়া ডিও লেটারে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগব্যবস্থা আরও উন্নত হয়েছে। পাশাপাশি পায়রা বন্দর, কুয়াকাটা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেলার গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা বেড়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে আবাসন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও যানজট নিয়ন্ত্রণসহ আধুনিক নাগরিক সুবিধার চাহিদাও বাড়ছে। এসব চাহিদা পূরণে বিদ্যমান পৌর কাঠামোর মাধ্যমে কার্যকরভাবে নাগরিক সেবা দেয়া কঠিন হয়ে পড়ছে। এ কারণে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে সংসদ সদস্যের আবেদনের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়ে সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথাও বলা হয়েছে।
সংশ্লিষ্ট দুটি চিঠির তথ্য অনুযায়ী, পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া প্রাথমিকভাবে এগিয়েছে। তবে এখনো সিটি কর্পোরেশন হিসেবে চূড়ান্ত ঘোষণা দেয়া হয়নি। সম্ভাব্যতা যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন:







