শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় ব্যবসায়ীর পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৯:০১

শেয়ার

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় ব্যবসায়ীর পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

শনিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ আর্থিক সহযোগিতা পৌঁছে দেয়া হয়। এ সময় মুঠোফোনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি তাঁদের শারীরিক ও আর্থিক অবস্থার খোঁজখবর নেন এবং এ কঠিন সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আপনাদের যে ক্ষতি হয়েছে, তা আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারব না। তবে মহান আল্লাহর দরবারে দোয়া করি—আল্লাহ পাক যেন আপনাদের এই ক্ষতি পুষিয়ে নেয়ার তৌফিক দান করেন। আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদের ভাই হিসেবে সবসময় পাশে থাকব।”

তিনি আরও জানান, ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যানুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর কালাইয়া ইউনিয়নের গাজীরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান পুড়ে যায় এবং ছয়জন ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আগুনে ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এমন দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারও ব্যবসা শুরু করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করেন তাঁরা।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।