শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

নাটোরের লালপুরে মায়ের মৃত্যু শোকে ছেলের আত্মহত্যা

ওমর ফারুক খান, নাটোর

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৭:১০

শেয়ার

নাটোরের লালপুরে মায়ের মৃত্যু শোকে ছেলের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে মায়ের মৃত্যু শোকে সাকিব মন্ডল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব মন্ডল নান্দরায়পুর গ্রামের মো. কামাল মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মিনিটের মধ্যে কোনো এক সময় সাকিব নিজ শয়নকক্ষে ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যা সাতটার সময় তার স্ত্রী মোছা. পূর্ণিমা খাতুন (১৮) রান্না শেষে ঘরে প্রবেশ করে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।

স্থানীয়দের তথ্যমতে, সাকিবের মা বাছিরা বেগম প্রায় সাত মাস আগে মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান এলাকাবাসী। নিহত সাকিবের স্ত্রী মোছা. পূর্ণিমা খাতুন বলেন, তার মায়ের মৃত্যুর পর থেকে মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং অস্বাভাবিক আচরণ করতেন। এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।