বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সামিউল ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী তাইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৫ মিনিটের দিকে সামিউল ওই গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন সামিউলকে পানি থেকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে দ্রুত গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামিউলকে মৃত ঘোষণা করেন।
গাবতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নাসিম ইকবাল বলেন, পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, স্থানীয় লোকজন ইতিমধ্যে শিশুটিকে উদ্ধার করেছেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করা হয়।
সামিউলের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:







