শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

বালাসী-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

লিমন মিয়া,গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৩:১৬

আপডেট: ৩ অক্টোবর, ২০২৬ ১৩:১৭

শেয়ার

বালাসী-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার ২০২৬ ‘গাইবান্ধা তথা উত্তরবঙ্গবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মাণ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একসময় এ রুটে রেল ফেরি চলাচল করলেও দীর্ঘ ২২ বছর ধরে তা বন্ধ রয়েছে। পরবর্তীতে নৌরুটটি পুনরায় চালুর লক্ষ্যে প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ঘাট ও আধুনিক টার্মিনাল নির্মাণ করা হলেও নদীর নাব্যতা সংকট ও খনন-সংক্রান্ত সমস্যার কারণে এর সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।

বক্তারা আরও বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে একটি স্থায়ী বহুমুখী সেতু নির্মাণ করা হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাসহ উত্তরবঙ্গের অন্তত আটটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এতে যাতায়াতের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত কমতে পারে বলে তারা দাবি করেন। একই সঙ্গে সময় ও জ্বালানি খরচ সাশ্রয়ের পাশাপাশি কৃষিপণ্য দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে।

এতে উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।

মানববন্ধন থেকে বক্তারা বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে সেতু বা টানেল নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত বাস্তবায়ন, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তারা বলেন, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নেয়া হলে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।



আরও পড়ুন: