শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

শেরপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

‎জান্নাতুল বাকী শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৯

শেয়ার

শেরপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, বিচার দাবি
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার জেরে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদল।

‎শুক্রবার বিকেলে শহরের গৌরীপুর চার রাস্তা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি।

‎লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি তিনি ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়াসহ কয়েকজন মাদকবিরোধী সভা-সমাবেশ ও বিভিন্ন কার্যক্রম শুরু করেন। এর জের ধরে গত ৩০ সেপ্টেম্বর রাতে গৌরীপুর ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

‎সংবাদ সম্মেলন থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

‎এ সময় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশী, ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়া, সাধারণ সম্পাদক মো. সৌরভ হাসান, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, বিএম কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীনুর ইসলাম শ্রাবণ, কসবা বিএম কলেজ ছাত্রদলের সভাপতি ঝলক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আরও পড়ুন: