সিরাজগঞ্জের বেলকুচিতে দেলুয়াকান্দী গ্রামের উন্নয়ন, রাস্তা মেরামত ও শান্তি-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় দেলুয়াকান্দী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রাকিবুল হাসান শামীম। বিশিষ্ট সমাজসেবক কাশেম মন্ডলের সভাপতিত্বে সভায় আব্দুল মান্নান সরকার, হাফিজুর রহমান সরকার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের গ্রামবাসী উপস্থিত ছিলেন।
রাস্তা সংস্কারে ব্যক্তিগত তহবিল থেকে সহায়তার ঘোষণা
প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল হাসান শামীম বলেন, গ্রামের উন্নয়ন ও রাস্তা মেরামতের ক্ষেত্রে টাকার কোনো ঘাটতি রাখা হবে না। তিনি ব্যক্তিগত তহবিল থেকে বড় ধরনের ত্যাগ স্বীকার করার ঘোষণা দেন।
তিনি জানান, গ্রামের রাস্তাঘাট এমনভাবে সংস্কার করা হবে, যাতে রিকশা, ভ্যান, মিশুক, বাইক ও প্রাইভেট কার চলাচলে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়।
তিনি আরও বলেন, নির্বাচনী রাজনীতি বা কোনো ধরনের হিংসা-বিদ্বেষের উদ্দেশ্যে নয়, এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও ঐক্য বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রামে প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল স্থাপন এবং মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় এলাকাবাসী ও যুবসমাজকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গ্রামের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:







