দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার মান উন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়েও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভালুম আতাউর রহমান কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। খেলাটি ঘিরে মাঠে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এতে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা উপলক্ষে মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমী ম্যাচটি উপভোগ করেন।
আরও পড়ুন:







