সিরাজগঞ্জের কামারখন্দে বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার গুদামে মজুদ থাকা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।
মনিরুল ইসলাম (৪৫) ছোট ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০ থেকে ২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে যান।
এ সময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার বিস্তারিত পর্যালোচনার পর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গুদামে মজুদ ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।
কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:







