নজরুলবর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাঁশখালী উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এয়ার মুহাম্মদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দিন, সাংবাদিক শিব্বির আহমদ রানা, জেলা শিল্পকলা একাডেমির নাটক ও আবৃত্তি শিক্ষক মাছরুর চৌধুরী এবং উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুকুমার মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ প্রণব কুমার শিকদার।
জানা যায়, নজরুলবর্ষ উপলক্ষে বাঁশখালী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত, গজল, একক অভিনয়, চিত্রাঙ্কন, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসব প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৮৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:







