গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও স্বাগত জানাতে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেন, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদ কায়েম ছিল।
তিনি বলেন, ইতিপূর্বেও কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকেই ছাত্রদল নেতৃত্ব দিয়ে এসেছে, এখনও দিচ্ছে। আমাদের মধ্যে কোনো ভুল-ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ছাত্রদলকে আরও সুসংগঠিত করা হবে। টঙ্গী সরকারি কলেজের গৌরব ও অর্জন ধরে রাখতে আমরা কাজ করব।
তিনি আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি কলেজের খেলার মাঠের উন্নয়ন এবং কলেজের ভেতরে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কলেজের শিক্ষক ও অতিথিরা ফুল দিয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুকুর, রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জিএস স্বপন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি বাবুল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমদ ভূইয়া এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, নাটক ও আবৃত্তি পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।
নবীন শিক্ষার্থীদের পদচারণা, আনন্দ-উচ্ছ্বাস ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী পুরো কলেজ ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবের মিলনমেলায়।
আরও পড়ুন:







