বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

রংপুরের ছয় বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

আলমগীর হোসেন অপু,রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ১৫:৩৮

শেয়ার

রংপুরের ছয় বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

রংপুর তারাগঞ্জে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সামিনুর রহমান চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৩, রংপুরের যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার রাতে বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে জানে আলম এক্সেস সড়কের কর্ণফুলী হার্ডওয়ার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার সামিনুর রহমান রংপুরের তারাগঞ্জ থানাধীন কৃষ্ণপুর বাহাদুরপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, তারাগঞ্জ থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সামিনুর রহমান চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অবস্থান করছেন। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি রংপুর -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানায়, অভিযুক্ত সামিনুর ভুক্তভোগী ঐ শিশুর প্রতিবেশী। গত ২৭ আগস্ট, ২০২৬ তারিখ দুপুরের পর শিশুটির মা কাজ শেষে বাড়িতে ফেরেন। বিকালে শিশুটিকে আসামির বাড়ির দিক থেকে খুড়িয়ে খুড়িয়ে আসতে দেখেন। শিশুটির মা তাকে এভাবে হাঁটার কারণ জিজ্ঞাসা করলে সে আসামির দ্বারা ধর্ষণের বিষয়টি জানায়।

ঘটনা জানার পরে শিশুটির মা তাকে দ্রুত চিকিৎসার জন্য তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৮ আগস্ট তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নাম্বার-১৬।

মামলা দায়েরের পরে, আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানে এই মামলার প্রধান আসামি সামিনুর রহমানকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন: