ফেনী শহরে জামায়াতে ইসলামী আয়োজিত দাওয়াতী সভা ও যোগদান অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী কয়েকজন নাগরিক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফেনী শহরে জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে এ সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। মানুষ পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা চায়। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ জামায়াতে ইসলামীতে যুক্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে জামায়াতে ইসলামী কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। এছাড়া জেলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. ইলিয়াসসহ শহর ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, মাসব্যাপী দাওয়াতী কর্মসূচির মাধ্যমে ফেনী শহরে প্রায় তিন হাজার মানুষ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তবে এই সংখ্যা দলটির নিজস্ব দাবি।
অনুষ্ঠান শেষে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত নেতৃবৃন্দ।
আরও পড়ুন:







