বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

বিরোধের জেরে হবিগঞ্জে ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩১

শেয়ার

বিরোধের জেরে হবিগঞ্জে ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট
ছবি বাংলা এডিশন

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

বাস আটকে রাখা ও মারধরের অভিযোগ

আবু মঈন চৌধুরী সোহেল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের শেরপুরে আটকে গাড়ি ভাঙচুর ও মারধর করে আসছেন মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক-শ্রমিকরা। সর্বশেষ তাদের তিনটি বাস মৌলভীবাজারে নিয়ে আটকে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে গণপরিবহন চলবে না। বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। এ বিষয়ে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের বিরোধে একাধিক কর্মসূচি

হবিগঞ্জের বাস মৌলভীবাজার হয়ে চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর জেরে বিভিন্ন সময়ে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এর পাল্টা কর্মসূচি হিসেবে হবিগঞ্জের মালিক ও শ্রমিকরা শায়েস্তাগঞ্জে অবরোধও পালন করেন।

পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপির নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য ও প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্টরা জানান।

তবে এরপরও বিরোধের অবসান হয়নি বলে অভিযোগ করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। তাদের দাবি, ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস আটকে রাখা হয়।

এ ঘটনার প্রতিবাদেই ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

গণপরিবহন বন্ধের আশঙ্কা

ধর্মঘট শুরু হলে হবিগঞ্জ থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি আন্তঃজেলা পরিবহন ব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে।