জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে একটি খামের ভেতর পাওয়া চিরকুটে চার বিএনপি নেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। লাল কালিতে লেখা ওই চিরকুটে চার নেতার নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘হত্যা করা হবে সময় ১৫ দিন।’
মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় চিরকুটটি পাওয়া যায়। পরে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করেছে।
হুমকি প্রাপ্ত বিএনপি নেতারা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং বিএনপি নেতা হেলাল হোসেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় পরিষ্কার করছিলেন দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম। এ সময় তিনি একটি খাম দেখতে পান। খামটি খুললে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া যায়। লাল কালিতে লেখা চিরকুটটির ওপর চার নেতার নাম উল্লেখ করে নিচে লেখা ছিল, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কে বা কারা চিরকুটটি সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু জানন , দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম কার্যালয় পরিষ্কার করার সময় চিঠিটি পেয়ে আমাদের জানান। আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। কেউ মশকরা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ বলেন, চিঠি দিয়ে হুমকির ঘটনা এর আগে কখনও ঘটেনি। আমরা আইনগত ব্যবস্থা নেব।
এবিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান , ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে চিরকুটটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।
আরও পড়ুন:







